গুয়াহাটি: জুবিন গার্গের মৃত্যু মামলাকে ঘিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাংবাদিক বৈঠকের পর তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন শিল্পী মানস রবিন। মুখ্যমন্ত্রীর উল্লেখ করা ‘দুমুখো শিল্পী’ তিনি নন বলেই দাবি করেছেন তিনি।

মানস রবিনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সমাজমাধ্যম এবং কয়েকটি সংবাদমাধ্যমে তাঁকেই ওই ‘দুমুখো শিল্পী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে তাঁর নাম প্রকাশ করেছে বলেও দাবি করেছেন তিনি। এ ধরনের প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী।

তিনি জানান, জুবিন গার্গের মৃত্যু মামলায় নিজের অভিযোগ জানাতে তিনি বিশেষ তদন্তকারী দলের কাছে গিয়েছিলেন। কিন্তু তাঁকে এখনও আদালতে ডাকা হয়নি। ফলে বিশেষ তদন্তকারী দলের কাছে এক রকম এবং আদালতে অন্য রকম বক্তব্য দেওয়ার প্রশ্নই ওঠে না বলে তাঁর দাবি।

সাংবাদিক বৈঠকে জুবিন গার্গের মৃত্যু মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর কয়েকটি মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন মানস রবিন। তাঁর বক্তব্য, অসমের ১৬৫ জন বা তার বেশি সাক্ষী কী বলেছেন, শুধু তার ভিত্তিতে সিঙ্গাপুরে ঘটে যাওয়া ঘটনার বিচারবিভাগীয় সিদ্ধান্ত হওয়া উচিত নয়। সেই সময় সিঙ্গাপুরে উপস্থিত সাক্ষীদের বক্তব্যই বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার বলে মত তাঁর।

কোনও শিল্পী জুবিন গার্গের ভুল ছিল বলে মন্তব্য করলে মামলাটি দুর্বল হয়ে যায় বলা হলে, অন্য কোনও শিল্পী বিপরীত মন্তব্য করলে মামলাটির উপর তার প্রভাব কী হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব চেয়েছেন মানস রবিন।

জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে চলা রাজনৈতিক বিতর্ক ও পাল্টা বক্তব্যে তাঁর নাম ব্যবহার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। জুবিনের ন্যায়বিচারের দাবিতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে ২২ নভেম্বর খানাপাড়া খেলার মাঠে একটি জনসভা করার ডাক দিয়েছেন তিনি। তবে ওই সভার জন্য এখনও প্রশাসনের অনুমতি মেলেনি বলে জানান মানস রবিন।