জুবিন গার্গের মৃত্যুর এক বছর পরেও বিচারের পথে বিশেষ অগ্রগতি না হওয়ায় ২২ নভেম্বর গুয়াহাটির খানাপাড়া খেলার মাঠে জনসমাবেশের ডাক দিলেন শিল্পী মানস রবিন।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অসমের কোনও মানুষ জুবিন গার্গকে অপছন্দ করেন না। জুবিনের জন্য মানুষের বড় পদক্ষেপ করা দরকার ছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সরকার, সাধারণ মানুষ বা শিল্পীসমাজ বিশেষ কিছু করতে পারেনি বলে তাঁর অভিযোগ।

অসমের সব প্রান্তের মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ২২ নভেম্বর খানাপাড়ায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মানস। লখিমপুর, ধেমাজি থেকে ধুবুড়ি, শদিয়া, কার্বি আংলং এবং ডিমা হাসাও— সব এলাকার মানুষকেই সমাবেশে যোগ দেওয়ার আবেদন করেছেন তিনি।

জুবিন গার্গকে রাজনৈতিক করা হয়েছে। মানস রবিনের বক্তব্য, রাজনৈতিক ক্ষেত্রের লোকজন অনেক কথা প্রকাশ্যে বলতে পারেন না। কিন্তু তাঁরা কোনও বাধা বা ভয় ছাড়াই খোলাখুলি আলোচনা করতে পারেন।

সমাবেশে মুখোমুখি বসে আলোচনা করার পাশাপাশি জুবিন গার্গের নামে ভাল কাজের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

তবে ২২ নভেম্বরের কর্মসূচির জন্য এখনও প্রশাসনের অনুমতি মেলেনি বলেও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন মানস রবিন। অনুমতির জন্য আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অসমের স্বার্থে এবং জুবিন গার্গকে ভালবাসেন এমন মানুষের স্বার্থে প্রশাসনের অনুমতি দেওয়া উচিত।