নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: নোটবন্দির সিদ্ধান্তে দেশের অর্থনীতি ধ্বংস করার পরে এখন ‘ভোটবন্দি’র ষড়যন্ত্রে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

মঙ্গলবার নতুন দিল্লিতে কংগ্রেস কর্মসমিতির বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে খড়্গে অভিযোগ করেন, দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভোট হল দরিদ্র, দলিত, বঞ্চিত ও শোষিত মানুষের সবচেয়ে শক্তিশালী অধিকার।

ইতিহাস সাক্ষী, ১০ বছর আগে এই প্রধানমন্ত্রী নোটবন্দির সিদ্ধান্তে ভারতের অর্থনীতি ধ্বংস করেছিলেন। আর ১০ বছর পরে ভোটবন্দির ষড়যন্ত্রে আমাদের শক্তিশালী গণতন্ত্র ধ্বংস করছেন।

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন কংগ্রেস সভাপতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মোদী সরকারের ‘কাঠপুতলি’ বলে অভিহিত করে তাঁর পদত্যাগ দাবি করেন খড়্গে।

তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বড় পরিবর্তনের তথ্য প্রকাশ্যে আনা, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের জানানো এবং তাঁদের আপিলের সুযোগ দেওয়ার দাবিও তোলেন তিনি।

রাজনৈতিক দলগুলিকে সময়মতো এবং সহজে বোঝা যায় এমন ভাবে নির্বাচনী তথ্য দেওয়া, ভোটার তালিকার অসঙ্গতির স্বাধীন তদন্ত এবং নির্বাচন কমিশনের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানান খড়্গে। প্রধানমন্ত্রীর চাপে মুখ্য নির্বাচন কমিশনার কাজ করছেন বলে অভিযোগ করে নৈতিক ভিত্তিতে মোদীর পদত্যাগও দাবি করেন তিনি।

কংগ্রেস কর্মসমিতির বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল-সহ দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

আগে এক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছিল, নির্বাচনী তালিকার বিশেষ সংশোধন নিয়ে ওঠা অভিযোগগুলির জবাব দেওয়া হয়েছে। কমিশনের দাবি, আইনগত বিধান মেনেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে।