গোয়ালপাড়া, ১০ নভেম্বর: ছোট পোশাক পরে থানায় আসার কারণে এক তরুণীর এজাহার নেওয়া হয়নি বলে গোয়ালপাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে থানার ভিতরে পুলিশকর্মীর সঙ্গে ওই তরুণীর তীব্র বচসা হয়।
অভিযোগ, একটি বিষয়ে অভিযোগ জানাতে গোয়ালপাড়া থানায় গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তাঁর পোশাক নিয়ে এক পুলিশকর্মী আপত্তি তোলেন এবং তাঁকে ছোট পোশাক পরে থানায় না আসতে বলেন।
ভিডিয়োয় ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, মেয়েরা ছোট পোশাক পরে থানায় আসবে না। পুলিশেরও সম্মান রয়েছে বলে দাবি করে তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়। ওই তরুণীর বয়স ২৫-২৬ বছর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে তরুণী জানান, তাঁরও সম্মান আছে এবং তিনি সেখানেই থাকবেন। তাঁর এজাহার নেওয়ার দাবিও জানান তিনি।
ভিডিয়োয় ওই পুলিশকর্মীকে ছোট পোশাকের সঙ্গে ধর্ষণের সম্পর্ক টেনে মন্তব্য করতেও শোনা গিয়েছে। তিনি বলেন, এ ধরনের পোশাক পরলেই ধর্ষণ হয়। মেয়েদের লজ্জা ঢেকে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এজাহার গ্রহণ না করার অভিযোগকে কেন্দ্র করে পরে দু’পক্ষের বচসা আরও বেড়ে যায়। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে পুলিশের আচরণ নিয়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে তরুণী কোন বিষয়ে এজাহার করতে গিয়েছিলেন এবং পুলিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান কী, তা এখনও স্পষ্ট নয়।