ঢকুয়াখনা, ৩০ নভেম্বর: মিচিং স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনে ঢকুয়াখনা বিধানসভা এলাকার বিভিন্ন আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেও প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
অবনরী আসন থেকে বিজেপির প্রার্থী ডা. ভূপেন কামান মনোনয়নপত্র জমা দেন। তিনি বিজেপির তফসিলি জনজাতি মোর্চার রাজ্য সহ-সভাপতি, দলের প্রাক্তন রাজ্য ও জাতীয় কমিটির সদস্য তথা প্রবীণ সাংস্কৃতিক কর্মী।
একই আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী মনালিসা কামান নরহেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর সঙ্গে ঢকুয়াখনা ও ঘিলামরা ব্লক কংগ্রেসের নেতা-কর্মীরা ছিলেন।
বরনৈ আসনে শাসক জোটের প্রার্থী তথা পরিষদের সভাপতি সুনীল কুমার পেগু মনোনয়নপত্র জমা দেন। খেরকতা-ডাংধরা আসনে জোটের প্রার্থী ইন্দ্র কুমার চুংক্রাংও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্মিলিত গণশক্তি অসম এবং মিচিং জাতীয় সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁরা লখিমপুর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে যান।
খেরকতা-ডাংধরা আসনে কংগ্রেস-সমর্থিত প্রার্থী নীলকান্ত পেগুও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসনেই টাকাম মিচিং পরিন কৌবাং-এর কেন্দ্রীয় নেতা ও ঢকুয়াখনা জেলা ট্রাইবেল সংঘের প্রধান যতীন পেগু প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র জমা করেছেন। ফলে ওই আসনে ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্মিলিত গণশক্তি অসম ও বিজেপি আসন সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট কয়েকটি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সমঝোতায় অসম গণ পরিষদকে রাখা হয়নি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।