রাওয়ালপিন্ডি, ১১ নভেম্বর: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন টেলিভিশনের জনপ্রিয় অ্যাঙ্কর ও অনুষ্ঠান সঞ্চালক রাবিয়া আহসান। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রাওয়ালপিন্ডির আডিয়ালা রোডের গুলশনাবাদ এলাকায় তাঁদের বাড়িতে ঘটনাটি ঘটে। সন্ধ্যার বুলেটিন পড়ে রাত ৮টা নাগাদ বাড়ি ফিরেছিলেন রাবিয়া। সে সময় বাড়িতে তাঁর মা, বোন, স্বামী এবং দুই মেয়ে ছিলেন বলে জানা গিয়েছে।

হঠাৎ গুলির শব্দ শুনে রাবিয়ার মা ও বোন ছুটে আসেন। বোন বেডরুমে গিয়ে রক্তে ভেসে থাকা মেঝে দেখতে পান।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন আহসান তাহির খান। যদিও তাঁর বক্তব্য, পিস্তল নাড়াচাড়া করার সময় আচমকা গুলি বেরিয়ে যায়। পিস্তলটি যে গুলি ভরা ছিল, তা তাঁর জানা ছিল না বলেও দাবি করেছেন তিনি। বাড়ির এক পরিচারকও পুলিশকে একই কথা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের হয়েছে।

রাবিয়া আহসান টেলিভিশনে সংবাদ পাঠের পাশাপাশি সমসাময়িক বিষয়ের একটি অনুষ্ঠানও সহ-সঞ্চালনা করতেন।