গুয়াহাটি, ১৩ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে অন্তত ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ।

সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার কাছে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার আবেদনও করেছেন অখিল।

জখলাবন্ধা থেকে নুমলিগড় পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই পথটি কার্যত মৃত্যুফাঁদ হয়ে উঠেছে।

অখিলের বক্তব্য, জীর্ণ জাতীয় সড়কটি অসমের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। কাজিরাঙা জাতীয় উদ্যান দেখতে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের এই পথ দিয়েই যাতায়াত করতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

জখলাবন্ধা-নুমলিগড় জাতীয় সড়ক দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের জন্য সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন বিধায়ক। রঙাজানে যাত্রীবাহী ট্রাভেলার এবং কনটেনার গাড়ির সংঘর্ষের পর জাতীয় সড়কের অবস্থা, যানবাহনের নিরাপত্তা ও রাস্তা নির্মাণের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।