কাজিরঙা, ৩ নভেম্বর: কাজিরঙার রঙাজানে মর্মান্তিক পথদুর্ঘটনার পরে দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলারটির বিরুদ্ধে আগের একাধিক ট্র্যাফিক বিধিভঙ্গের তথ্য সামনে এসেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে গাড়িটিকে আগেও একাধিক বার জরিমানা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ যোরহাটে ট্র্যাভেলারটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটির নামে ওই ৪ হাজার টাকার জরিমানা এখনও বকেয়া রয়েছে।

২০২৫ সালের ২২ অগস্ট কাজিরঙাতেও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ট্র্যাভেলারটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এর পরে সেপ্টেম্বরেও গতিবেগ সংক্রান্ত বিধি ভাঙার কারণে ফের জরিমানার মুখে পড়ে গাড়িটি।

কাজিরঙা জাতীয় উদ্যানের মধ্যে নির্ধারিত গতিসীমা অমান্য করে ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে গাড়িটি চালানোর অভিযোগেও আগে জরিমানা করা হয়েছিল।

রঙাজানের দুর্ঘটনার পরে বার বার গতিবেগ সংক্রান্ত নিয়ম ভাঙার এই তথ্য নতুন করে প্রশ্ন তুলেছে। এ বার পরিবহণ দফতর গাড়িটির বিরুদ্ধে কী পদক্ষেপ করে, সে দিকেই নজর রয়েছে।