গুয়াহাটি, ১৫ নভেম্বর: বন্যা ও নদীভাঙন মোকাবিলা এবং পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘অসম বন্যা সমভূমি অঞ্চল নির্ধারণ বিল, ২০২৬’ আনার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার সমাজমাধ্যমে প্রস্তাবিত বিলটির উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই আইনের মাধ্যমে ব্রহ্মপুত্র ও বরাক নদীর অববাহিকার বৈজ্ঞানিক মানচিত্র তৈরি করা হবে। বন্যার ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করে সেই অনুযায়ী জমির ব্যবহার ও নির্মাণকাজ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। এ জন্য লাইডার প্রযুক্তি ও উপগ্রহভিত্তিক মানচিত্র ব্যবহারের প্রস্তাব রয়েছে।
বিল অনুযায়ী, বন্যার ঝুঁকির ভিত্তিতে এলাকাগুলিকে তিন ভাগে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে—নিষিদ্ধ, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত এলাকা। নদীর মূল স্রোত ও সক্রিয় জলপ্রবাহের এলাকায় কোনও নির্মাণকাজের অনুমতি দেওয়া হবে না। নিয়ন্ত্রিত এলাকায় উঁচু ভিত ও বন্যা-প্রতিরোধী নির্মাণশৈলী বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। বন্যারেখার বাইরের এলাকায় স্বাভাবিক উন্নয়নমূলক কাজের অনুমতি থাকবে।
প্রস্তাবিত বিলে বর্তমানে বৈধ সম্পত্তির মালিকদের স্বার্থ সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনও সিদ্ধান্তের আগে ৬০ দিনের জনশুনানি ও আপত্তি জানানোর সময়সীমা থাকবে। আপিল জানানোর জন্য অনলাইন ও সরাসরি—দুই ব্যবস্থাই রাখার প্রস্তাব রয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাইরের সাহায্যপুষ্ট প্রকল্প ও অনুদানের মাধ্যমে এই উদ্যোগের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। তাঁর আশা, এর ফলে রাজ্য সরকারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে কেন্দ্রের অনুমোদন ও জলশক্তি মন্ত্রকের তহবিল পাওয়ার পথ খুলবে।