২০০৮ সালের ৭ মে ভারতে আনুষ্ঠানিক ভাবে চালু হয় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এ বছর ভারতে তার পথচলার ১৮ বছর পূর্ণ হল।
ভারতের জন্য আলাদা ডোমেন, ইউটিউব ডট কো ডট ইন, চালু করে গুগল। এর ফলে নিজস্ব ইউটিউব ডোমেন পাওয়া বিশ্বের ২০তম দেশ হয় ভারত।
ভারতে আত্মপ্রকাশের সময় জুম চ্যানেল, ইউটিভি এবং রাজশ্রী গ্রুপ-সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে যাত্রা শুরু করেছিল ইউটিউব। কপিরাইট লঙ্ঘন ও পাইরেসি ঠেকাতে ডিজিটাল হ্যাশ প্রযুক্তি ব্যবহারের কথাও ঘোষণা করা হয়েছিল। ওই প্রযুক্তির সাহায্যে একই ভিডিও আবার আপলোড করা কঠিন করার ব্যবস্থা ছিল।
চ্যাড হার্লি, জাভেদ করিম এবং স্টিভ চেন ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব প্রতিষ্ঠা করেন। তিন জনই আগে পেপ্যালের কর্মী ছিলেন। বর্তমানে গুগলের মালিকানাধীন এই মার্কিন প্ল্যাটফর্মটির সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে।
২০২৪ সালের জানুয়ারিতে ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭০ কোটির বেশি ছিল। প্রতিদিন ব্যবহারকারীরা সেখানে ১০০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখতেন। খবর, রান্নার রেসিপি, জ্যোতিষ, বাস্তু থেকে শিক্ষা ও বিনোদন— নানা বিষয়ের তথ্যের জন্য ইউটিউব এখন বহুল ব্যবহৃত মাধ্যম।
ভারতে ইউটিউবের এই যাত্রা পরবর্তী কালে ডিজিটাল বিনোদন, সংবাদ, শিক্ষা এবং কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে।