গুয়াহাটি, ১৬ নভেম্বর: মহানগরীর দাতালপাড়ায় এম ডি টায়ারের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গুদামে মজুত কয়েক লক্ষ টাকার টায়ার পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।
হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা গোটা গুদামে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখায় এলাকা ঢেকে যায়।
আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
গুদামের খুব কাছেই একটি পেট্রল পাম্প থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে ব্যাপারে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।