পিকনিকে যাওয়ার আগে সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে প্রশাসনের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে চলেছে অসমের পরিবহণ দফতর। পথ দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী চরণ বড়োয়া।

মন্ত্রী জানিয়েছেন, পিকনিকে যেতে ইচ্ছুক প্রতিটি দলকে সরকারি পোর্টালে আগে অনুমতির জন্য আবেদন করতে হবে। প্রশাসনের অনুমতি মেলার পরেই পিকনিকে যাওয়া যাবে। তবে পোর্টাল চালুর নির্দিষ্ট দিন, ওয়েবসাইটের ঠিকানা এবং আবেদনপদ্ধতির বিস্তারিত এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

নতুন নিয়মে পিকনিকের যাত্রা শুধুমাত্র দিনের আলোয় করা যাবে। সকাল ৭টার আগে কোনও দল যাত্রা শুরু করতে পারবে না এবং সন্ধ্যা নামার আগেই ফিরতে হবে। দূরের জায়গায় পিকনিকে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা রয়েছে। শুধু নির্ধারিত কাছাকাছি পিকনিকস্থলেই অনুমতি দেওয়া হবে।

পিকনিকে ব্যবহৃত প্রতিটি গাড়ির বৈধ ফিটনেস সার্টিফিকেট ও গতি নিয়ন্ত্রণকারী যন্ত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বৈধ বিমা, দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র, চালকের বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় পারমিট রাখতে হবে। যাত্রার সময়ে অনলাইন পোর্টাল থেকে পাওয়া অনুমতিপত্রও সঙ্গে রাখতে হবে।

অনুমোদিত আসনসংখ্যার বেশি যাত্রী নেওয়া যাবে না। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর উপর কড়া নিষেধাজ্ঞা থাকছে। গাড়ির ভিতরে বা পিকনিকস্থলে অতিরিক্ত জোরে ডিজে বা মাইক বাজিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না।

কাজিরাঙার রঙ্গাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর পরেই পথনিরাপত্তায় কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আসন্ন পিকনিক মরসুমে এমন দুর্ঘটনা ঠেকাতেই এই নিয়ম আনার কথা ঘোষণা করা হয়েছে।