বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ঘিরে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি ফের আলোচনায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও অভিযোগ ও রায়, দুটিই খারিজ করেছেন তিনি।
২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আসেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানের দাবি, প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরত পাঠাতে হবে এবং ঢাকা প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই করেছে। ভারত সরকার অবশ্য এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে জানায়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল ২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকায়। ওই বছরের ২৩ অক্টোবর তা কার্যকর হয়। পরে ২০১৬ সালের ২৮ জুলাই চুক্তির ১০(৩) অনুচ্ছেদে সংশোধন করা হয়। পুরো চুক্তি নয়, কেবল ওই নির্দিষ্ট অনুচ্ছেদটিই বদলানো হয়েছিল।
কোন ক্ষেত্রে প্রত্যর্পণ চাওয়া যায়
দুই দেশের আইনেই যে অপরাধে অন্তত এক বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে, সেই সব ক্ষেত্রে প্রত্যর্পণ চাওয়া যেতে পারে। কর ও রাজস্ব সংক্রান্ত অপরাধ, আর্থিক অপরাধ, অপরাধে মদত বা প্ররোচনার ক্ষেত্রও এর আওতায় রয়েছে। এক দেশে সংঘটিত অপরাধের প্রভাব অন্য দেশে পড়লেও প্রত্যর্পণের বিষয়টি বিবেচিত হতে পারে। অভিযুক্তের নাগরিকত্বও প্রত্যর্পণের পথে বাধা নয়। এই প্রক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ নাকচের সুযোগ রয়েছে। অভিযোগের প্রকৃতি রাজনৈতিক হলে অনুরোধ পাওয়া দেশ প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। সেই দেশে সংশ্লিষ্ট অপরাধের বিচার সম্ভব হলেও প্রত্যর্পণ না করে সেখানেই বিচারের ব্যবস্থা করা যেতে পারে। তুচ্ছ অপরাধ, অভিযোগের পরে অত্যধিক সময় পেরিয়ে যাওয়া, সামরিক প্রকৃতির অপরাধ অথবা একই অপরাধে অনুরোধ পাওয়া দেশে বিচার সম্পূর্ণ হয়ে থাকলেও প্রত্যর্পণ নাকচ হতে পারে।
তবে হত্যা বা হত্যায় প্ররোচনা, অপহরণ, বেআইনি ভাবে আটকে রাখা, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা, জীবন ও সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র তৈরি ও মজুত, গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বা এ ধরনের অপরাধের ষড়যন্ত্রকে রাজনৈতিক অপরাধ বলে গণ্য করা হবে না বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
২০১৬ সালের সংশোধনের পরে বিচারাধীন অভিযুক্তের প্রত্যর্পণ চাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের উপযুক্ত আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দাখিল করলেই যথেষ্ট হতে পারে। আগে পরোয়ানার সঙ্গে প্রাথমিক সাক্ষ্যপ্রমাণও জমা দিতে হত। তবে হাসিনার ক্ষেত্রে এই বিধান সরাসরি প্রযোজ্য নয়, কারণ তাঁকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। চুক্তির ১০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, দোষী সাব্যস্ত ব্যক্তির প্রত্যর্পণ চাইলে দোষী সাব্যস্ত হওয়ার শংসাপত্র, সাজা সংক্রান্ত নথি এবং কতটা সাজা বাকি রয়েছে, তার তথ্য জমা দিতে হবে।
নথি জমা পড়লেই ভারতকে হাসিনাকে ফেরত পাঠাতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। ভারত নথিপত্র ও চুক্তির অন্যান্য শর্ত খতিয়ে দেখতে পারে, অতিরিক্ত তথ্য চাইতে পারে এবং প্রত্যাখ্যানের কারণগুলি বিবেচনা করতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রত্যর্পণ আইনি বিষয় এবং আইন মেনেই তা বিবেচনা করা হবে। হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার প্রশ্নও উঠেছে। তবে এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
সম্প্রতি হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও কোনও নির্দিষ্ট দিন জানাননি। গ্রেপ্তার বা মৃত্যুর আশঙ্কা তাঁর সিদ্ধান্ত বদলাবে না বলেও তিনি মন্তব্য করেছেন।