ধেমাজি: সোনোয়াল কছারী স্বায়ত্তশাসিত পরিষদের গোগামুখ ও জোনাই পরিষদীয় কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যথাক্রমে টংকেশ্বর সোনোয়াল এবং বিজয় শইকীয়া।

আগামী ৩০ নভেম্বর মিশিং ও সোনোয়াল কছারী—দুই স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন হওয়ার কথা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গোগামুখে টংকেশ্বরের প্রতিদ্বন্দ্বী এবং জোনাইয়ে বিজয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।

টংকেশ্বর সোনোয়াল সোনোয়াল কছারী স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য। প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়ানোয় দুই প্রার্থীই রিটার্নিং অফিসার ও জেলাশাসকের কাছ থেকে নির্বাচিত হওয়ার শংসাপত্র সংগ্রহ করেন।

এর পরে দুই প্রার্থীর সমর্থকেরা পটকা ফাটিয়ে তাঁদের স্বাগত জানান।

প্রতীকবিহীন এই নির্বাচনে এনডিএ-র তৃণমূল স্তরের কর্মীদের সাড়া, জাতীয় সংগঠনগুলির সমর্থন, মানুষের আস্থা এবং সরকারের উন্নয়নের অব্যাহত ধারার কারণেই এই জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন দুই প্রার্থী।