১৬ নভেম্বর: খাওয়ার তেলের ব্যবহার কমানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করলেন অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজরিকা। তাঁর কথায়, ‘‘দেশের প্রধানমন্ত্রীও কম তেল খান। আমিও কম তেল খাই। পারলে আপনারাও কম তেল খান।’’
পীযূষ জানান, খাওয়ার তেলের জন্য ভারত সরকারকে প্রতি বছর প্রায় ২.৫০ লক্ষ কোটি টাকা খরচ করতে হয়। দেশের চাহিদার বড় অংশ আমদানি করে মেটাতে হয় বলেই তেলের ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছে সরকার।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দৈনন্দিন খাবারে খাওয়ার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর আবেদন জানিয়েছিলেন। স্থূলতা, হৃদ্রোগ এবং ডায়াবিটিসের মতো জীবনযাপনজনিত অসুখের ঝুঁকি কমানোও এই আবেদনের অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছিল।
অসমে খাওয়ার তেলের উৎপাদন বাড়াতে পাম চাষের প্রসারেও গুরুত্ব দিচ্ছে সরকার। রাজ্যের চাহিদা ও উৎপাদনের ফারাক কমাতে কৃষকদের এই চাষে উৎসাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পীযূষের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের স্বার্থে কম তেল খাওয়ার পরামর্শকে সমর্থন করেছেন। অন্য একাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্তব্যটির সমালোচনা করেছেন।