শ্রীনগর, ১৫ নভেম্বর: জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলার পর জঙ্গিদের খোঁজে বড়সড় অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং সিআরপিএফ যৌথ ভাবে এই অভিযান চালাচ্ছে।

কুলগামের মীরবাজার এবং সংলগ্ন একাধিক গ্রাম ঘিরে তল্লাশি চলছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি নলিন প্রভাত এবং কাশ্মীর রেঞ্জের আইজি সুজিত কুমার নিজে অভিযান তদারক করছেন।

বুধবার ওই এলাকায় সিআরপিএফের একটি দলের উপর হামলায় তিন জওয়ান আহত হন। তার পরেই তল্লাশি জোরদার করে ৫০০-র বেশি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল সিআরপিএফ জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নেওয়া।

সিসিটিভি ফুটেজে হামলাকারীদের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে এবং পাল্টা জবাবের মুখে পালিয়ে যেতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গত চার দিন ধরে এলাকায় একাধিক তল্লাশি অভিযান চালানো হয়েছে। এক সন্দেহভাজনের ডিজিটাল সূত্রও মিলেছে। তাঁকে খুঁজতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।