গোন্দিয়া: মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বন্দ্রানি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় ইন্ডিগোর কর্মী বর্ষা ঠাকুরের দেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাঁর বন্ধু নীতেশ আগরওয়ালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

৩৫ বছরের বর্ষা পুনে বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, দীপাবলির ছুটি নিয়ে তিনি মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় নিজের বাড়িতে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় ৪টে নাগাদ বর্ষা বাড়ি থেকে বেরিয়েছিলেন। নীতেশের সঙ্গে তিনি নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

কয়েক ঘণ্টা পরে নীতেশ বর্ষার পরিবারকে ফোন করে জানান, জঙ্গলে মুখে মাস্ক পরা কয়েক জন তাঁদের ঘিরে ধরে। তাঁর দাবি, তারা জিনিসপত্র কেড়ে নেওয়ার পাশাপাশি বর্ষার উপর হামলা চালায়।

তবে নীতেশের বয়ানে অসঙ্গতি পেয়েছে পুলিশ। হামলা বা ধস্তাধস্তির কথা বললেও তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। সেই কারণেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ধারালো অস্ত্র দিয়ে বর্ষাকে আঘাত করা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ষার আড়াই বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।