বিলকিস বানোর গণধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি বিপিনচাঁদ জোশী এবং প্রদীপ মোধিয়ার সাজা স্থগিত করে তাঁদের জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
দুই আসামিই গত ১৭ বছর ধরে জেলে রয়েছেন। গত ২৮ অক্টোবর তাঁদের জামিনের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আসামিপক্ষের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে জানান, তাঁর মক্কেলদের এক জনের নাম প্রথম এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পরে তাঁর নাম মামলায় জোড়া হয়। অন্য মক্কেল গুরুতর ভাবে প্রতিবন্ধী বলেও তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে তাঁদের সাজা স্থগিতের আবেদন জানানো হয়েছিল।
সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে জামিনের আবেদনের বিরোধিতা করেন।
তবে এক আসামি বিশেষ ভাবে সক্ষম এবং দু’জনই ১৭ বছর জেলবন্দি রয়েছেন— এই বিষয়গুলি বিবেচনা করেই আদালত জামিন মঞ্জুর করেছে।
২০০২ সালে গোধরা-কাণ্ডের পর গুজরাতে অশান্তি চলাকালীন ৩ মে দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে হামলা হয়। সে সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। হামলাকারীরা তাঁর তিন বছরের মেয়েকে পাথরে আছড়ে হত্যা করে এবং পরিবারের আরও কয়েক জন সদস্যকেও খুন করা হয়।
২০০৮ সালের ২১ জানুয়ারি মুম্বইয়ের সিবিআই বিশেষ আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। ২০১৭ সালে বম্বে হাই কোর্টও সাজা বহাল রাখে। পরে গুজরাত সরকারের আসামিদের মুক্তির সিদ্ধান্তকে এক্তিয়ারবহির্ভূত বলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।