নয়াদিল্লি, ১৬ নভেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ঘিরে ৪৮টি প্রশ্ন তুলেছে বিরোধী জোট ইন্ডিয়া। ওই প্রশ্নগুলির উত্তর নির্বাচন কমিশনের কাছে চাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা।
আবেদনকারীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছে পৃথক হলফনামার মাধ্যমে জবাব চেয়েছেন।
কংগ্রেসের অভিযোগ, সুপ্রিম কোর্টে জমা দেওয়া নির্বাচন কমিশনের হলফনামায় এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেই। বিরোধীদের দাবি, দেশ জুড়ে এসআইআর চালুর সিদ্ধান্ত কে, কবে এবং কোন প্রক্রিয়ায় নিয়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
আবেদনে জানতে চাওয়া হয়েছে, এসআইআর, ইসিনেট, ফর্ম ৬ এবং আপিল দাখিলের মতো বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে কোনও মতভেদ বা আপত্তি উঠেছিল কি না। সিদ্ধান্তগুলি সর্বসম্মতিতে হয়েছিল, নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তার নথি এবং বৈঠকের কার্যবিবরণী প্রকাশের দাবিও জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল, ফর্ম ৭-এর মাধ্যমে জমা পড়া আপত্তি এবং অনলাইন ফর্ম ৬-এর আবেদনে অতিরিক্ত ঘোষণা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
এসআইআরের আগের, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে কত জন ভোটারের নাম বাদ পড়েছে, তার রাজ্যভিত্তিক ও লিঙ্গভিত্তিক তথ্যও চেয়েছেন আবেদনকারীরা। মামলাটি ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।