নগাঁও, ১৬ নভেম্বর: ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র প্রথম মহিলা কমান্ডো ‘কনভার্সন কোর্স’-এ অসাধারণ সাফল্য পেলেন অসমের নগাঁও জেলার সাবিনা ইয়াসমিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২৭০ জন মহিলা পুলিশকর্মীর মধ্যে শীর্ষস্থান দখল করেছেন তিনি।
জুরিয়ার দগাঁওয়ের বাসিন্দা সাবিনা পেয়েছেন ‘বেস্ট ওভারঅল ট্রেনি’ এবং ‘বেস্ট ইন ফিজিক্যাল’— এই দু’টি সম্মান। এনএসজি-র কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ কমান্ডো প্রশিক্ষণে শারীরিক ও মানসিক দক্ষতার পরিচয় দিয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি।
সাবিনা দগাঁওয়ের আহম্মেদ আলীর মেয়ে। তাঁর এই সাফল্যে দগাঁও-সহ গোটা নগাঁও জেলায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।
বিভিন্ন দল-সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা সাবিনাকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় স্তরে এই কৃতিত্বে অসম পুলিশ এবং রাজ্যের মানুষ গর্বিত বলে স্থানীয়দের মত।