গুয়াহাটি, ১৬ নভেম্বর: বিজয়ওয়াড়ার ডিভিআর গ্রাউন্ডে বিজয় মার্চেন্ট ট্রফির এলিট পর্বের ম্যাচে হিমাচল প্রদেশকে সাত উইকেটে হারাল অসম। এই জয়ে অসমের ঝুলিতে এল ছয় পয়েন্ট।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ৩৪.১ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায়। অসমের মৈনা কলিতা ৩৯ রানে ৭ উইকেট নেন। একটি করে উইকেট পান কুণাল উপাধ্যায় ও রেয়ান নন্দে।
জবাবে প্রথম ইনিংসে ১০২.১ ওভারে ৩০৫ রান করে অলআউট হয় অসম। স্বর্ণব শ্রীহিত গুরু দাস ১২২ বলে ৭২ রান করেন। রেয়াংশ পাণ্ডে করেন ৬৯ বলে ৪৯ রান। রেয়ান নন্দে ৩৬ এবং নীলাভ্র নিবির মেধি ৩৩ রান যোগ করেন। হিমাচল প্রদেশের বেদান্ত শর্মা ৭২ রানে ৬ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশ ৯৬.২ ওভারে ৩০৩ রানে অলআউট হয়। সম্ভভ শর্মা ৫৭, সুভাংশ এস দ্বিবেদী ৫৪, আদীশ মিনহাস ৩৮ এবং নীরব আই ৩৭ রান করেন। অসমের হয়ে কুণাল উপাধ্যায় ৭৭ রানে ৬ উইকেট নেন। দিগ্বিজয় এন চেত্রী ১০১ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯.২ ওভারে ৩ উইকেটে ১১১ রান তুলে ম্যাচ জিতে নেয় অসম। স্বর্ণব শ্রীহিত গুরু দাস ৮০ বলে ৫০ এবং অধিনায়ক রেয়ান নন্দে ৪৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। হিমাচল প্রদেশের যশ এন চৌধুরী তিনটি উইকেটই নেন।