নয়াদিল্লি, ৬ নভেম্বর: ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিশানা করে সমাজমাধ্যমে পোস্ট করার ঘটনায় কেরল কংগ্রেসের পদাধিকারীদের আদালত অবমাননার নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।

শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এই মামলার শুনানি করে। শুনানিতে বেঞ্চ জানায়, সংবিধানই সর্বোচ্চ। কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন সংবিধানের ঊর্ধ্বে নয়।

আদালত আরও জানায়, বিচারব্যবস্থার স্বাধীনতা কোনও রাজনৈতিক সুবিধা-অসুবিধার বিষয় নয়। এটি দেশের মানুষ এবং প্রজাতন্ত্রের প্রতি সংবিধানের নিশ্চিত করা অধিকার।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদালতের কর্তৃত্ব খর্ব করার যে কোনও চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।

গত মাসে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্ত চেয়ে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি চলছিল। সেই সময় প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এরপর কেরল প্রদেশ কংগ্রেস কমিটি তাঁকে নিশানা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করে।

এই পোস্টের পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির পদত্যাগের দাবির নিন্দা করে।

বিতর্কের জেরে পরে পোস্টটি মুছে ফেলা হয়। কেরল কংগ্রেসের নেতারাও ক্ষমা চান।