নয়াদিল্লি, ৬ নভেম্বর: সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের শনাক্ত করার ক্ষেত্রে আধারের পরিবর্তে ভোটার পরিচয়পত্র ব্যবহারের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার তিনি এই পদক্ষেপকে বিজেপির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন।
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের ঘোষণার প্রতিক্রিয়ায় রাহুলের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সঙ্গে ভোটার পরিচয়পত্রকে যুক্ত করলে সাধারণ মানুষের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া ঝুঁকির মুখে পড়তে পারে।
সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর নামে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। বিজেপির বিরোধিতা করেন, এমন মানুষদেরই লক্ষ্য করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ করে তিনি বলেন, এমন ভোটার তালিকা তৈরির চেষ্টা চলছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা সবসময় বিজেপির পক্ষেই থাকবে।
রাহুলের আশঙ্কা, সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা হলে ভবিষ্যতে রেশন, পেনশন, মনরেগার মজুরি, আবাসন সহায়তা, বৃত্তি এবং সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত নয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ঘোষণা করেছিলেন, মন্ত্রকের অধীন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে আর্থিক সাহায্য ও সুবিধা পেতে হলে উপভোক্তাদের ভোটার পরিচয়পত্রের EPIC নম্বর দিতে হবে এবং বাধ্যতামূলক বায়োমেট্রিক যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।