গুয়াহাটি: বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU)। সংগঠনের আহ্বানে মরিগাঁও ও শিবসাগর-সহ অসমের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
শিবসাগর শহরের ফুকন নগরে অবস্থিত বিদ্যুৎ দফতরের কার্যালয় ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখান আসুর কর্মীরা। বিক্ষোভকারীরা বিদ্যুৎ দফতরের কুশপুতুল দাহ করেন এবং মাশুল বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন। এই সময় পুলিশ ও আসুর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
অন্যদিকে, মরিগাঁওয়ে আসুর মরিগাঁও সদর শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সেখানে বিক্ষোভকারীরা বিদ্যুৎ দফতরের কুশপুতুল দাহ করেন এবং অসম সরকার ও বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে স্লোগান দেন।
বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। রাজ্যজুড়ে এই কর্মসূচির মাধ্যমে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আসু।