বেঙ্গালুরু, ১৩ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিগানি সফরকে কেন্দ্র করে আশপাশের গ্রামে মাংস বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি হওয়ায় সাধারণ মানুষ ও প্রগতিশীল মহলে সমালোচনা শুরু হয়েছে। বেঙ্গালুরু শহর জেলার জেলাশাসকের নির্দেশে ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৩ নভেম্বর বিকেল ৪টে পর্যন্ত কসাইয়ের দোকান বন্ধ রাখা হয়।
শুক্রবার পুলিশ জানায়, কসাইয়ের দোকানের আশপাশে পাখির আনাগোনা ঠেকানোই এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল। ঈগলের মতো পাখি হেলিকপ্টারের চলাচলে বিপদ ডেকে আনতে পারে বলে পুলিশের দাবি।
শুক্রবার সকালে জিগানির একটি হেলিপ্যাডে নামেন মোদী। প্রশান্তি কুটিরমে একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। এক আধিকারিক জানান, বিমান প্রদর্শনীর সময় জক্কুর এলাকাতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনা ঘটলে জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে বলেও তিনি জানান।
১০ নভেম্বর বেঙ্গালুরু শহর জেলার জেলাশাসক পি এস কান্থারাজুর জারি করা নির্দেশে বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার চন্দ্রকান্ত এম ভি-র প্রস্তাবের উল্লেখ ছিল। ওই প্রস্তাবে সমস্ত কসাইয়ের দোকান বন্ধ রাখার নির্দেশ চাওয়া হয়েছিল। নির্দেশে আশঙ্কা প্রকাশ করা হয়, সমাজবিরোধীরা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
পুলিশ সুপার চন্দ্রকান্ত এম ভি বলেন,
নির্দেশের ভাষা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে থাকতে পারে। তবে লক্ষ্য ছিল, ঈগলের মতো পাখি যাতে হেলিকপ্টারের চলাচলে বিপদ না ঘটায়।
সমাজকর্মী শিবসুন্দর এই নির্দেশকে অগণতান্ত্রিক বলে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, মাংস খাওয়ার সঙ্গে আইনশৃঙ্খলার সমস্যাকে জুড়ে দেওয়ার মধ্যে নির্দেশের নেপথ্যের মানসিকতা স্পষ্ট। প্রধানমন্ত্রী অন্যত্র বিমানে সফর করলেও এমন নির্দেশ জারি হয়নি বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার সকালে তাঁর ফেসবুক পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ভারতে সেটি দেখার সুযোগ সীমিত করে দেওয়া হয়।