গোলাঘাট, ১৬ নভেম্বর: গোলাঘাট জেলার মেরাপানির ২ নম্বর নেঘেরিবিলে উচ্ছেদের পরে দখলমুক্ত হওয়া সংরক্ষিত বনাঞ্চলের জমিতে গোপনে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাগাদের তরফে ওই এলাকায় ফের দখলের চেষ্টা চলছে।
অভিযোগ, উচ্ছেদের পরে খালি থাকা জমিতে এক্সক্যাভেটর ব্যবহার করে মাটি সমান করা হয়েছে এবং কোনও আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই নতুন রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তা নির্মাণের জন্য বহু মূল্যবান গাছপালা কেটে ফেলা হয়েছে বলেও স্থানীয়দের দাবি।
দৈয়াং সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত মেরাপানির ওই এলাকায় প্রশাসন এর আগে দু’দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছিল। গত বছর প্রথম দফার অভিযানের পরে চলতি বছরের ১৭ অক্টোবর ফের বড়সড় উচ্ছেদ অভিযান চালিয়ে এলাকাটি দখলমুক্ত করা হয় বলে জানা গিয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, এলাকায় বন দফতরের কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও কী ভাবে এক্সক্যাভেটর দিয়ে রাস্তা তৈরি এবং গাছ কাটা সম্ভব হল। এই ঘটনায় জেলা প্রশাসন ও বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী সংবেদনশীল এই এলাকায় উচ্ছেদের পরেই ফের এমন কার্যকলাপের অভিযোগ ওঠায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তবে অভিযোগগুলি নিয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।