অসম, ১৬ নভেম্বর, ২০২৬: রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজমল ফাউন্ডেশন। পরিবার-পিছু নয়, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নামে এই সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে আজমল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এক প্রতিনিধি জানিয়েছেন, তাঁর পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় ২৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের শোকে গোটা অসমবাসীর শরিক হওয়া উচিত বলেও তিনি আবেদন জানিয়েছেন।

রাজ্যে পথ নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালানোর মতো ঘটনায় চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

প্রতিনিধির মতে, যানবাহন সংক্রান্ত নিয়ম কঠোর ভাবে কার্যকর করা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এমন দুর্ঘটনা রোধে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।

সাহায্যের টাকা মৃতদের পরিবারের হাতে কবে এবং কী ভাবে তুলে দেওয়া হবে, সে বিষয়ে পরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।