শিবসাগর, ১৬ নভেম্বর: জাঁজী নদীতে বালি খননের ঘাটগুলি ফের না খোলার দাবিতে শিবসাগরের জেলাশাসককে স্মারকলিপি দিল অসমীয়া যুব মঞ্চ। অসম-নাগাল্যান্ড সীমান্ত থেকে জাঁজী পর্যন্ত সমস্ত বৈধ ও অবৈধ বালি খননের ঘাট ফের চালু না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
গত জুলাইয়ের ভয়াবহ বন্যায় শিবসাগর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি আমগুরির বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে জাঁজী নদীর ফুলে ওঠা জলে বহু পরিবারের ঘরবাড়ি ও গবাদি পশু ভেসে গিয়েছিল। সর্বস্ব হারানো বহু পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও পুরোপুরি পুনর্গঠিত হয়নি।
সংগঠনের অভিযোগ, অসম-নাগাল্যান্ড সীমান্ত থেকে জাঁজী পর্যন্ত নদীর ধারে গড়ে ওঠা বালি খননের ঘাটগুলির জেরে আগেও সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। সম্প্রতি একাংশ মানুষ ওই ঘাটগুলি ফের খোলার চেষ্টা করছেন বলেও সংগঠনের দাবি।
অসমীয়া যুব মঞ্চের বক্তব্য, ফের বালি খনন শুরু হলে নদীতীরবর্তী গ্রাম, চা-বাগান এবং শিল্পপ্রতিষ্ঠানগুলির বিপদ বাড়তে পারে। স্মারকলিপিতে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে। তাঁদের দাবি, এতে একাধিক গ্রাম, বাগান ও কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে।
নদীতীরের বাসিন্দাদের জীবন ও সম্পত্তির সুরক্ষার স্বার্থে বালি খননের ঘাটগুলি ফের না খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।