সোনারি, ১৬ নভেম্বর: চরাইদেউ জেলার বরহাটে জোড়ন দিতে যাওয়া যাত্রীবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পণ্যবাহী একটি টাটা এস গাড়ির খোলা অংশে করে বিয়েবাড়ির লোকজন যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে।
আহত ২১ জনের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বরহাট এলাকার বিধ্বস্ত রাস্তার পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।