কোকরাঝার, ২০ নভেম্বর: অসমের বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৮ হাজার জিএনএম নার্সের সংগঠন সদৌ অসম নার্স সংঘের ৪৬তম রাজ্য পূর্ণাঙ্গ অধিবেশন এ বার কোকরাঝার শহরে অনুষ্ঠিত হবে।
কোকরাঝার জেলা ক্রীড়া সংস্থার মাঠে ২০ ও ২১ নভেম্বর দু’দিন ধরে এই অধিবেশন চলবে। সংগঠনের বিটিএডি শাখা ইতিমধ্যেই অভ্যর্থনা কমিটি গড়ে প্রস্তুতির কাজ চালাচ্ছে।
অভ্যর্থনা কমিটির সভানেত্রী রসনা রায় ও সম্পাদিকা উর্মিলা বসুমতারী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ প্রতিনিধি অধিবেশনে অংশ নেবেন। প্রথম দিনের নিয়মিত কর্মসূচির পাশাপাশি রাতে রাজ্য প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিনের মূল সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশোক সিংহল, বিটিসি প্রধান হাগ্রামা মহিলারী, কয়েক জন বিধায়ক এবং স্বাস্থ্য দফতরের প্রায় কুড়ি জন উচ্চপদস্থ আধিকারিকের যোগ দেওয়ার কথা রয়েছে।
সভায় কোকরাঝার জেলার বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কাজ করা প্রায় ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। অধিবেশন উপলক্ষে অভ্যর্থনা কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে বলে জানিয়েছে।