কুলগাম: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন লশকর-এ-ত্যায়বার কমান্ডার লতিফ ভাট-সহ দুই জঙ্গি। কুলগামের মীর বাজারের কাছে সিআরপিএফের ৪৬ ব্যাটেলিয়নের নাকাপার্টিতে হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল।
গত বুধবার আখরান এলাকায় ওই হামলায় সিআরপিএফের তিন জওয়ান আহত হন। এক জনের হাতে, এক জনের পায়ে এবং অন্য জনের তলপেটে গুলি লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, তিন জঙ্গি হামলায় জড়িত ছিল। জঙ্গলের ভিতর দিয়ে এলাকায় পৌঁছে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানোর পর তারা ফের জঙ্গলের পথেই পালিয়ে যায় বলে তদন্তে উঠে আসে।
হামলাকারীদের খোঁজে দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। কুলগামের লারু গ্রামে সন্দেহজনক গতিবিধির খবর মেলার পর গ্রামটি ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। সেই সময়েই গুলির লড়াই শুরু হলে দুই জঙ্গি নিহত হয়।
প্রাথমিক ভাবে নিরাপত্তাবাহিনীর ধারণা, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন লতিফ। তিনি কুলগাম জেলার খেব্রান চাডর, নয়ি বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ২০২৫ সালের ১৯ নভেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। এর কয়েক দিন পর তিনি লশকরের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টে যোগ দিয়েছেন বলে জানা যায়।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোমবার সেনা এবং অন্য নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ ভাবে অভিযান চালায়। নিহত দু’জনই পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার সদস্য বলে জানা গিয়েছে।