ঔগুরি: জনজাতীয় স্বাধীনতা সংগ্রামী ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী তথা জনজাতীয় গৌরব দিবসে গতকাল গোপালকৃষ্ণ চা-বাগানে তাঁর একটি পূর্ণাঙ্গ মূর্তি আনুষ্ঠানিক ভাবে স্থাপন ও উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কার্বি আংলং স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রভাতচন্দ্র তারো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে ফুল, ফল ও নৈবেদ্য নিবেদন করে তিনি নিজের হাতে মূর্তিটি স্থাপন করেন।
গোপালকৃষ্ণ চা-বাগানে এই মূর্তি প্রতিষ্ঠা গোটা এলাকার মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়। নিজের মাটি, জল ও অরণ্য রক্ষায় শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে বীরসা মুন্ডার লড়াই আজও দেশের জনজাতি সম্প্রদায়কে অনুপ্রাণিত করে।
প্রভাতচন্দ্র তারো বলেন, মূর্তিটির মাধ্যমে নতুন প্রজন্ম বীরসা মুন্ডার ত্যাগ, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণ করতে পারবে।
আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি এ দিন অঙ্গীকার করেন, ভবিষ্যতেও এই স্থানে বীরসা মুন্ডার পুজো-অর্চনা ও স্মরণ করা হবে। জায়গাটিকে তাঁর স্মৃতিতে একটি স্থায়ী পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এসটি মোর্চার সভাপতি চন্দ্র সিং তেরন, আমরি গ্রাম্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ধনসিং ক্রো, দোয়ার আমলা মণ্ডল বিজেপির কোষাধ্যক্ষ শিব ছেত্রী, যুব মোর্চার সভাপতি চুমদেব তেরন, মণ্ডল সম্পাদক হিরেন পাটর এবং দোয়ার আমলা মিডিয়া সেলের সমন্বয়ক হেমারি সেনারক-সহ এলাকার বিশিষ্ট জনেরা।