ইসলামাবাদ, ১৬ নভেম্বর: কারাগারে দিনে প্রায় ২২ ঘণ্টা একাকী বন্দি থাকার জেরে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে জরুরি চিকিৎসার দাবিতে পাকিস্তানের শীর্ষ আদালতগুলির দ্বারস্থ হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর আশঙ্কা, চিকিৎসার ব্যবস্থা না হলে তিনি হয়তো জীবিত অবস্থায় ফিরে আসতে পারবেন না।

“আমি হয়তো জীবিত অবস্থায় ফিরে আসতে পারব না।”

ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে দেখা করার পরে চিঠিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

চিঠিতে ইমরানের দাবি, তাঁকে বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী এমনকি তাঁর ছেলেদের সঙ্গেও ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বই ও টেলিভিশনের সুবিধা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

ইমরানের বক্তব্য, কারাগারের মেডিক্যাল বোর্ড তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবারের সঙ্গে আরও যোগাযোগের সুযোগ, পড়ার সামগ্রী এবং টেলিভিশনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই সুপারিশ কার্যকর হয়নি।

চিঠিতে তিনি জানিয়েছেন, ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ থেকে ১৯৩-এ পৌঁছেছিল। আগের এক সাক্ষাতের সময়ে আইনজীবী জানতে পেরেছিলেন, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, বুশরার চোখে অস্ত্রোপচার প্রয়োজন এবং উপযুক্ত চিকিৎসা না হলে তাঁর স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

ইমরানের দাবি, ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁর। যদিও সরকারের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছিল।

২০২৩ সালের অগস্ট থেকে কারাবন্দি ইমরান। তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলাগুলিতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তাঁর অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পাকিস্তান সরকার।