অসম, ১৬ নভেম্বর, ২০২৬: পথ দুর্ঘটনা রোধ ও পথ নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ কড়া পদক্ষেপে গুরুত্ব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি জেলায় টাস্ক ফোর্স গঠন এবং দুর্ঘটনা ঠেকাতে জেলাভিত্তিক নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির কথা বলা হয়েছে।

বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জোরদার তল্লাশি চালিয়ে দ্রুতগতিতে, বিপজ্জনকভাবে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। চালকের দক্ষতা ও পথ নিরাপত্তা সম্পর্কে জ্ঞান যথাযথভাবে যাচাই করেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

প্রতিটি জেলাশাসকের নেতৃত্বে স্পষ্ট লক্ষ্য ও সময়সীমা বেঁধে দুর্ঘটনা প্রতিরোধের কর্মপরিকল্পনা তৈরি হবে। বারবার যানবাহন আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স নিলম্বিত করা হবে। একইভাবে, বারবার আইনভঙ্গ করা বাণিজ্যিক গাড়ির পারমিট বাতিলের ব্যবস্থাও রাখা হয়েছে।

সব বাণিজ্যিক গাড়িতে স্পিড লিমিট ডিভাইস বসানো বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় রাস্তা পারাপারের ব্যবস্থা, ট্র্যাফিক সিগন্যাল, পর্যাপ্ত আলো এবং ডিভাইডার মেরামতির উপরেও জোর দেওয়া হয়েছে। প্রতিটি দুর্ঘটনার প্রকৃত কারণ বিশ্লেষণ করে তার পুনরাবৃত্তি ঠেকাতে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

মহিলা ও শিশু-সহ সব বাইক আরোহীর হেলমেট পরা নিশ্চিত করতে বলা হয়েছে। মহাসড়কের ধারের হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম রাখার নির্দেশও রয়েছে।

মহাসড়কের আশপাশের বাসিন্দা, ধাবা ও হোটেলের কর্মীদের প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের প্রতি বছর পুরস্কৃত করার ব্যবস্থাও করা হবে। এই পদক্ষেপগুলির লক্ষ্য পথ দুর্ঘটনায় প্রাণহানি কমানো এবং সড়ক ব্যবস্থাকে আরও নিরাপদ করে তোলা।