গুয়াহাটি: জুবিন গর্গের মৃত্যুর মামলায় ফাস্ট ট্র্যাক আদালতে চলা সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই মামলায় ১৬০ জন সাক্ষী আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কথাই বলেননি। এমনকি অমৃত প্রভার বিরুদ্ধেও কোনও সাক্ষী কিছু বলেননি বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “১৬০ জন সাক্ষী অভিযুক্তদের বিরুদ্ধে কিছুই বলেননি। এই ১৬০ জন সাক্ষীর কেউই অমৃত প্রভার বিরুদ্ধে একটি কথাও বলেননি। আদালতে এক কথা বলছেন, আর বাইরে সংবাদমাধ্যমকে অন্য কথা জানাচ্ছেন।”
বিচারবিভাগীয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা কারও পক্ষেই উচিত নয়। অসম সরকার কখনও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়নি বলেও মন্তব্য করেন তিনি।
শর্মার বক্তব্য, সাক্ষীরা তাঁর সামনে এক কথা বলছেন, অথচ আদালতে গিয়ে অন্য কথা বলছেন—এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই। এই প্রসঙ্গে তিনি হাইকোর্টের বিচারপতি প্রাঞ্জল দাসের রায়ের উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, ওই রায়ে স্পষ্ট বলা হয়েছে, ১৬০ জন সাক্ষী আদালতে কিছুই বলেননি।
জুবিন গর্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে চলা আন্দোলনের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক জগতের এক বিশিষ্ট ব্যক্তিকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই ব্যক্তি আদালতে গিয়ে বলেছেন, জুবিনেরও ভুল ছিল।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর জুবিন গর্গের মৃত্যুর মামলার বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের দাবিতে চলা আন্দোলন নতুন করে আলোচনায় উঠে এসেছে।