ফুকেট, ১৬ নভেম্বর: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটের পাটং এলাকায় একটি চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন।
কাথু জেলার পাটং এলাকার ফাং মুয়াং সাই কর রোডের ওই ভবনে ভোর প্রায় ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। নিচতলায় মোটরসাইকেল ভাড়ায় দেওয়া ও বিক্রির দোকান ছিল। উপরের তলাগুলিতে ছিল আবাসিক ঘর।
থাই পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আট জন মহিলা এবং তিন জন পুরুষ। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক ও এক জন মায়ানমারের নাগরিক। নিহত বা আহতদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই। ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে রাখা প্রায় ১০০টি মোটরসাইকেল ও জ্বালানির কারণে আগুন দ্রুত পাশের ভবনগুলিতেও ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে কাছের একটি বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানতে তদন্ত চলছে।